রাজধানীর রাস্তা ভালো থাকলে নগরবাসী স্বস্তি পান। তবে নগরবাসীর স্বস্তি বেশি দিন স্থায়ী হয় না। কারণ, গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহসহ পয়োনিষ্কাশনের মতো কাজে প্রায়ই ঢাকায় রাস্তা কাটা বা খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন সংস্থা। এ ক্ষেত্রে এমনও দেখা যায় যে এক সংস্থার কাজের পর সড়কে আরেকটি সংস্থা নেমে যায়। এতে ভোগান্তি দীর্ঘায়িত হয়।
নগরবাসী এমন আরেক ভোগান্তির অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। ঢাকায় ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের’ আওতায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা নির্মাণ–পুনর্নির্মাণের জন্য ধাপে ধাপে এই সড়ক খনন করা হবে।
ঢাকা ওয়াসার তথ্য অনুসারে, প্রকল্পটির ব্যয় ৫ হাজার ১৮৭ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে। বিদেশি ঋণনির্ভর এ প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।



